জলপাইগুড়ি, ৫ মার্চ :
ভোররাতের নিস্তব্ধতা ভেঙে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় চাঞ্চল্যকর অগ্নিসংযোগের ঘটনা। দুষ্কৃতীদের আগুনে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরপর তিনটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয়। এর মধ্যে একটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, অন্য দুটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ ও অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। তিনি পুরো ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই ঘটনাকে ঘিরে জলপাইগুড়ি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

