কোচবিহার ,৩০ মে
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্যে সরকার পরিবর্তনের পর পুনরায় চালু করা হয়েছে এই টিকাকরণ কর্মসূচি।
জানা গিয়েছে, কোচবিহার জেলার মোট ১৭টি কেন্দ্রে এই টিকাকরণ শুরু হয়েছে। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও এদিন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। প্রথম পর্যায়ে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হয়েছে।
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসু বলেন, “আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়াল মাধ্যমে ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পাশাপাশি কোচবিহারেও ১৪ বছর বয়সী কয়েকজন কিশোরীকে এই টিকা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক উপভোক্তাকে এই পরিষেবার আওতায় আনা হবে।”
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা প্রদানই এই কর্মসূচির মূল লক্ষ্য।

