শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বর :
প্রথম বর্ষে ভর্তি নিয়ে বুধবারের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বর। এবার AIDSO সদস্যদের উপর হামলার অভিযোগ উঠল ABVP-র বিরুদ্ধে। ঘটনায় AIDSO-র দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি সংগঠনের। তাঁদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে বলেও অভিযোগ।
AIDSO-র অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ মেডিকেল কলেজ চত্বরে সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ অপূর্ব মণ্ডল এবং AIDSO NBMC ইউনিটের সহ-সভাপতি ডাঃ রামচন্দ্র শর্মার উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের শিলিগুড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ডাঃ অপূর্ব মণ্ডলের দাবি, বুধবারের ঘটনায় আহত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে তাঁরা মেডিকেল কলেজের বাইরে একটি দোকানে বসেছিলেন। সেই সময় প্রায় ৪০ জনের একটি দল সেখানে এসে নিজেদের ABVP সদস্য বলে পরিচয় দেয় এবং প্রথমে তাঁদের হুমকি দেওয়া হয়। এরপরই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
AIDSO-র আরও দাবি, পুলিশের উপস্থিতিতেই তাঁদের মারধর করা হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে ABVP-র পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এলাকায়। AIDSO-র পক্ষ থেকে হামলার প্রতিবাদে আজ শিলিগুড়ির কোর্ট মোড় থেকে মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে।
পরপর দু’দিনের ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্র সংগঠনগুলির মধ্যে উত্তেজনা আরও বাড়ল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

