শিলিগুড়ি, ১ সেপ্টেম্বর
ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ১০কেজি ২৪০গ্রাম গাঁজা।ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের নাম টুনটুন সাহানি।পুলিশ সূত্রে জানা গিয়েছে,তিনি বিহারের বৈশালী জেলার বাসিন্দা।রাতে শিলিগুড়ি জিআরপি SOG-এর কাছে খবর আসে,ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে।সেই খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করেন জিআরপি আধিকারিকরা।এরপর প্ল্যাটফর্মে রানি কমলাপতি ডাউন এক্সপ্রেস এসে পৌঁছালে ট্রেনের এসি কামরায় তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করেন পুলিশকর্মীরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় তার সঙ্গে থাকা দুটি পিঠব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় ৯প্যাকেট গাঁজা,যার মোট ওজন প্রায় ১০কেজি ২৪০গ্রাম।এরপরই টুনটুন সাহানিকে গ্রেপ্তার করা হয়।পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়,ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে বিহারে যাওয়ার উদ্দেশ্য ছিল তার।ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় এবং তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।

