জলপাইগুড়ি, ১৮ আগস্ট:
কন্টেনার ভর্তি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় কন্টেনারের চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। সেখানেই সন্দেহজনক একটি কন্টেনার আটক করে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে জানা যায়, কন্টেনারটি কলকাতার দিক থেকে আসামের উদ্দেশে যাচ্ছিল।
তল্লাশি চালিয়ে কন্টেনারের ভিতর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজি উদ্ধার হয়। এরপর কন্টেনারটি বাজেয়াপ্ত করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

