কোচবিহার, ১৪ মে
কোচবিহার পৌরসভার পরিচালিত টোল গেটগুলি সম্পূর্ণ বৈধ বলেই সাংবাদিক বৈঠকে দাবি করলেন পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা।
সম্প্রতি বেআইনি টোল আদায় এবং রাস্তার উপর অবৈধ বাধা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হওয়ার পর প্রশাসনিক স্তরে একাধিক নির্দেশিকা জারি হয়। এরপর থেকেই বিভিন্ন টোল গেট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার পৌরসভায় সাংবাদিক বৈঠক করে দিলীপ সাহা জানান, কোচবিহার পৌরসভার অধীনে পরিচালিত তিনটি টোল গেট সম্পূর্ণ আইন মেনেই চালানো হচ্ছে। তাঁর দাবি, ২০০২ সালে তৎকালীন সরকারের অনুমোদনের ভিত্তিতেই এই টোল গেটগুলির কার্যক্রম শুরু হয়েছিল এবং এখনও সেই নিয়ম মেনেই সেগুলি পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, টোল গেট থেকে আদায় হওয়া অর্থ সরাসরি পৌরসভার তহবিলে জমা পড়ে। সেই অর্থ থেকেই পৌরসভার কর্মীদের বেতন, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক খরচ বহন করা হয়। তাই এই টোল গেটগুলিকে বেআইনি বলা ঠিক নয় বলেও দাবি করেন তিনি।
পৌরসভার তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থ এবং প্রশাসনিক নিয়ম মেনেই টোল আদায় করা হয়। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত রয়েছে।

