নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:
বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে বুধবার কোচবিহারের সৎকার সমিতি মন্দিরে ভক্তিমূলক পরিবেশে পালিত হলো বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন বয়সের ভক্তরা মন্দিরে এসে পূজা, অর্চনা ও প্রার্থনায় অংশ নেন এবং বাবা লোকনাথের আশীর্বাদ কামনা করেন।
প্রতি বছরের মতো এ বছরও তিরোধান দিবসকে কেন্দ্র করে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে বিশেষ পূজার আয়োজন করা হয়। দিনভর ভক্তদের আনাগোনায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শুধু সৎকার সমিতি মন্দির নয়, কোচবিহার জেলার বিভিন্ন লোকনাথ মন্দিরেও এদিন বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভক্তদের জন্য বিকেল পাঁচটা থেকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। প্রসাদ গ্রহণের জন্যও বহু ভক্তের উপস্থিতি দেখা যায়। তিরোধান দিবস উপলক্ষে মন্দিরে ধর্মীয় আবহ এবং ভক্তদের উৎসাহ ছিল উল্লেখযোগ্য।
এ প্রসঙ্গে কোচবিহার সৎকার সমিতির সম্পাদক সোমনাথ সরকার বলেন, “বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও বিশেষ পূজা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বহু ভক্ত মন্দিরে এসে পূজায় অংশগ্রহণ করছেন। সকলের মঙ্গল কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
দিনভর ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভক্তিভরে পালিত হয় বাবা লোকনাথের তিরোধান দিবস।

