আলিপুরদুয়ার, ১২ মে
শিশু, কিশোরদের মোবাইলের নেশা থেকে দূরে রাখতে চাষবাসের আয়োজন করা হয়েছে স্কুলে। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকার বুন ইংলিশ হাই স্কুলে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।পাশাপাশি অর্গানিক ফার্মিং সম্পর্কে জানানো হচ্ছে তাঁদের।
মাশরুম চাষের জন্য আলাদা একটি সময় বের করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। মাশরুম চাষ কীভাবে করা হয় তা দেখানোর জন্য প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে।স্কুলের স্বল্প পরিসরের মধ্যে ওয়েস্টার মাশরুম চাষ চলছে। পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা মাশরুম চাষ শিখছে।ওয়েস্টার মাশরুমকে বাংলায় বলা হয় ঝিনুক মাশরুম। এই মাশরুম চাষ করতে বাড়তি খরচের দরকার পরে না বলে জানিয়েছেন প্রশিক্ষক বিনয় ধর।তিনি জানান, “মাশরুম চাষ পড়ুয়ারা শিখে রাখছে এটি তাঁদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। কোনও পড়ুয়া যদি মনে করেন অর্গানিক ফার্মিং তাঁর পেশা হবে তাহলে এই চাষ লাভদায়ক হবে। অনেক পড়ুয়া অবশ্য এখন থেকেই মাশরুমের শিট নিয়ে গিয়ে বাড়িতে চাষ শুরু করেছে।”
বুন ইংলিশ হাই স্কুলের চেয়ারম্যান পবন সিং ঝাঁ জানিয়েছেন, কোভিডের পর থেকে পড়ুয়ারা মোবাইলে অনলাইন ক্লাস করতে গিয়ে আসক্ত হয়েছে। পড়াশুনোর পর বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে তাঁদের সময় কাটে।তিনি জানান, ” পড়ুয়াদের মন সোশ্যাল মিডিয়া থেকে ফেরাতে স্কুলেই চাষবাসের উদ্যোগ নেওয়া।মাশরুম এবং অর্গানিক চাষ শেখার প্রতি আগ্রহ তাঁদের জন্মেছে, যা দেখে ভাল লাগছে। “

