মাথাভাঙ্গা, ২৬ এপ্রিল :
দুদিন থেকে রাতের অন্ধকারে বাড়ির টিনের চালে আচমকাই পড়ছে পাথরের ঢিল। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত সেই এলাকার বাসিন্দারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের ১ নং ওয়ার্ডে। জানা গেছে শুক্রবার সন্ধ্যা থেকে বাড়ির টিনের চালে পাথরের ঢিল পড়লেও প্রথমে তেমনভাবে গুরুত্ব দেয়নি কেউ। ভেবেছিলেন বাচ্চারা হয়তো মজার ছলে বা দুষ্টুমি করে ঢিল ছুঁড়েছে। কিন্তু শুক্রবারের পর শনিবারও একইভাবে পাথর ছোঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। এলাকার বাসিন্দারা সবাই রাস্তায় বেরিয়ে আসার পরেও, একইভাবে টিনের চালে পড়তে থাকে পাথরের ঢিল।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার টাউনবাবু পিঙ্কি রায় সহ বেশকিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশের সামনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। কিছুক্ষণ পর পর পাথরের ঢিল পড়তে থাকে টিনের চালে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পুরো এলাকায় টহলদারি চালায়।
আলো দাস নামে এক স্থানীয় গৃহবধু জানান, শুক্রবার সন্ধ্যা থেকে পাথরের ঢিল পড়ছে। প্রথমে বাচ্চারা ছুঁড়ছে ভেবে গুরুত্ব না দিলেও শনিবার সন্ধ্যা থেকে ঢিলের পর ঢিল পড়তে থাকে।বাচ্চাদের পাশাপাশি বড়রাও বাড়ি থেকে বেরোতে পারছেন না। চারদিক থেকে ঢিল আসলেও কাউকে দেখা যাচ্ছে না বলেও জানান। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।

