কোচবিহার, ২২ জুলাই:
কোচবিহার পুরসভায় রাজনৈতিক অন্দরে ফের জল্পনা বাড়ল। পৌরপতির পদত্যাগের পর এবার নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন কোচবিহার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভরাংশু সাহা। বুধবার কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মায়া সাহা জানান, সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক কারণেই তিনি কাউন্সিলরের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই কারণেই তিনি কাউন্সিলরের পাশাপাশি দলও ছেড়ে দিয়েছেন।
তাঁর এই পদত্যাগকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কারণ, বিধানসভা নির্বাচনের আগে বর্তমান বিধানসভার স্পিকার রথীন বসু ৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন। সেই বিক্ষোভের অন্যতম মুখ ছিলেন মায়া সাহা। ফলে তাঁর পদত্যাগের ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
যদিও এই প্রসঙ্গে মায়া সাহা স্পষ্ট জানিয়েছেন, রথীন বসুর সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত বিরোধ ছিল না। তাঁর কথায়, “তখন দল যে নির্দেশ দিয়েছিল, আমি সেটাই পালন করেছি। আজ আমি দলও ছেড়ে দিলাম।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভরাংশু সাহাও একই দিনে সদর মহকুমা অফিসে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। যদিও তিনি বিস্তারিত কোনও রাজনৈতিক কারণ সামনে আনেননি। তাঁর পদত্যাগের নেপথ্যেও ব্যক্তিগত কারণের কথা জানানো হয়েছে।
একই দিনে দুই কাউন্সিলরের পদত্যাগ এবং তার আগে পৌরপতির ইস্তফা—এই ধারাবাহিক ঘটনায় কোচবিহার পুরসভার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেও শাসকদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এখন এই দুই ওয়ার্ডে পরবর্তী প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়েই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

