জলপাইগুড়ি, ২০ জানুয়ারী :
এস আই আর (SIR) হিয়ারিং চলাকালীন এক মহিলা ও তাঁর পরিবারকে বাংলাদেশি বলে হেনস্থা করার অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বর। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী। এই ঘটনার প্রতিবাদে জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস দলীয় কর্মীদের নিয়ে সদর বিডিও অফিসে পৌঁছান। দলীয় স্লোগান দিতে দিতে তাঁরা প্রথমে ইন্দারা কলোনির এস আই আর হিয়ারিং সেন্টার এবং পরে সদর বিডিও অফিসে মিছিল করেন।
অভিযোগ, হিয়ারিং চলাকালীন সদর জয়েন্ট বিডিও এক মহিলা ও তাঁর পরিবারকে বাংলাদেশি বলে কটূক্তি করেন, যার ফলে ওই মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন। পাশাপাশি, তাঁর পাশে দাঁড়াতে গিয়ে তৃণমূলের দুই কর্মীকেও পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ ওঠে।
এই প্রসঙ্গে কৃষ্ণ দাস বলেন, “একজন নাগরিককে বাংলাদেশি বলে অপমান করা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
অন্যদিকে সদর বিডিও মিহির কর্মকার অভিযোগ অস্বীকার করে জানান, কাউকে বাংলাদেশি বলে কোনওরকম অপমানজনক মন্তব্য করা হয়নি।

