জলপাইগুড়ি, ২ অক্টোবর
একদিকে বক্সার জঙ্গলে নতুন করে বাঘ ছাড়ার কর্মসূচি, অন্যদিকে রাজগঞ্জে উদ্ধার হাতির মৃতদেহ। একই দিনে দুই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার সকালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বনবিভাগের মান্দাদাড়ি গ্রাম পঞ্চায়েতের নোধাবাড়ি এলাকায় একটি চা বাগানের কাছে জঙ্গলের পাশ থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত হাতিটির দেহ উদ্ধার করে।
বনকর্তাদের প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কীভাবে হাতিটি বিদ্যুতের সংস্পর্শে এল, তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই হাতিটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে বনদপ্তর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।

