শিলিগুড়ি , ৮জুলাই
শিলিগুড়ি শহরে পরপর চুরি ও গরু চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি হায়দারপাড়া এবং মাটিগাড়া এলাকায় রাস্তা থেকে গরু চার চাকার গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরই মধ্যে ঘোগোমালি বাজারে এক রাতে পরপর চারটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ভক্তিনগর থানার অধীন আশিঘর আউটপোস্ট এলাকার ঘোগোমালি বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি হার্ডওয়্যারের দোকান, একটি ঘড়ির দোকান, একটি টেইলারের দোকান এবং একটি গ্যারেজে চুরি হয়। দুষ্কৃতীরা দোকানগুলির তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর আউটপোস্টের পুলিশ। তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, একটি সিসিটিভি ফুটেজে দোকানগুলির সামনে দীর্ঘক্ষণ একটি চার চাকার গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই গাড়ি সম্পর্কিত তথ্যও পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের কুন্ডু পুকুর মাঠ সংলগ্ন একটি মুদিখানার দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার এখনও কোনও সুরাহা না হতেই ফের নতুন করে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এলাকায় মাদকাসক্তদের উপদ্রব বেড়ে যাওয়ায় এই ধরনের অপরাধ বাড়ছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত ঘটনার তদন্ত চলছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

