শিলিগুড়ি, ২ এপ্রিল :
মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার আজ দলীয় সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর তাঁর মনোনয়ন গ্রহণ করা হয়েছে বলে রিটার্নিং অফিসারের তরফে জানানো হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর শঙ্কর মালাকার বলেন, সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা নিয়েই তিনি এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। দিনটির গুরুত্বের কথাও উল্লেখ করে তিনি জানান, একদিকে হনুমান জয়ন্তী, অন্যদিকে শুভ মহেন্দ্রক্ষণ—এই দুই শুভ সময়কে সামনে রেখেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। ভগবান শ্রী হনুমানের কৃপায় দলের প্রচার জোরদার হচ্ছে বলেও দাবি করেন তিনি। দলীয় সংগঠন নিয়ে আত্মবিশ্বাসী শঙ্কর বলেন, তৃণমূলের কর্মীরা এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন এবং প্রচারে যথেষ্ট সাড়া মিলছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধী শিবিরকে কার্যত মাঠে দেখা যাচ্ছে না। বিজেপি প্রার্থী আনন্দ বর্মনকে আক্রমণ করে শঙ্কর মালাকার বলেন, ব্যক্তিগতভাবে তিনি তাঁকে ছোট ভাইয়ের মতো দেখেন, তবে প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে তাঁকে। সেই কারণেই সতর্ক করে তিনি বলেন, পরিস্থিতি বিচার করে প্রচারে যাওয়া উচিত, না হলে অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এছাড়াও, গত পাঁচ বছরে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগও তোলেন শঙ্কর মালাকার। তাঁর দাবি, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান বিধায়ক ও বিরোধী দল।

