শিলিগুড়ি, ২২ জানুয়ারী :
শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই জুবলি উদযাপনের শেষ পর্ব হিসেবে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠান ঘিরে শেষ প্রস্তুতির কথা জানাতে মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। প্লাটিনাম জুবলি কমিটির পক্ষে অধ্যাপক দর্শন চন্দ্র বর্মণ, অমল রায়, বিদ্যাবতী আগরওয়াল, ঝিনুক দাসগুপ্ত সহ অধ্যক্ষ সুজিত ঘোষ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, বড় মাপের শিল্পীদের উপস্থিতিকে মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে এবং কলেজের নকশা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানের জন্য আবেদনপত্র বিতরণ ইতিমধ্যেই শুরু হয়েছে, যা আগামী ২৩ ও ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

