আলিপুরদুয়ার, ২৯ অক্টোবর:
জাতীয় সড়কের ধারে ধাবায় পুলিশের অভিযান, উদ্ধার ৩৪ লিটার মদ! গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধাবার মালিককে গ্রেফতার করল শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ২৭ নম্বর জাতীয় সড়কের কাঁঠালতলা এলাকার। ধাবা থেকে বিভিন্ন ধরনের মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে কাঁঠালতলা এলাকার মা কালী ধাবায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩৪ লিটার বিভিন্ন জাতের মদ। এরপর ধাবার মালিক প্রদীপ দাসকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত প্রদীপ দাসের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে তা মজুত রাখা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
অন্যদিকে, জাতীয় সড়কের পাশে থাকা ধাবাগুলিতে নজরদারি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে পুলিশ। বেআইনি মদ মজুত বা বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে আগামী দিনেও লাগাতার অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জাতীয় সড়কের ধারের ধাবায় এই অভিযান ঘিরে এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে।

