শিলিগুড়ি, ৯ মে :
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে উৎসবের আবহ। আগামীকাল তাঁর শপথ গ্রহণের আগেই শুক্রবার শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের গণেশ ঘোষ কলোনিতে মাছ-ভাত খাওয়ানোর আয়োজন করল বিজেপির ১ নম্বর মণ্ডল এরিয়া কমিটি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই দাবিকে “সম্পূর্ণ ভুয়ো” প্রমাণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এলাকার বহু মানুষকে মাছ-ভাত খাওয়ানো হয়। ১ নম্বর এরিয়া কমিটির সভাপতি অনুপ শ্রীবাস্তব জানান, “তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়েছিল। বিজেপি কখনও মানুষের খাবারের উপর হস্তক্ষেপ করবে না। রাজ্যজুড়ে মাছ-মাংস খাওয়া যেমন চলবে, তেমনই উন্নয়নের নতুন দিশাও দেখা যাবে।” তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলেই তাঁদের বিশ্বাস। সেই আনন্দ ও শুভেচ্ছার অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবা সাহা, ভিকি সিংহ-সহ বিজেপির একাধিক কর্মী ও সমর্থক। এলাকায় এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন চর্চা।

