তুফানগঞ্জ, ২০ জানুয়ারী :
কালী মন্দিরের মেঝেতে আলতা পরা পায়ের ছাপ। আর এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারের তুফানগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ড আদি বারোয়ারী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। অনেকেই বিষয়টিকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন আবার অনেকেই অলৌকিক ঘটনা বলেই মনে করছেন। জানা গিয়েছে সোমবার রাতে পুজো দেওয়ার পর তালা দিয়ে বাড়ি চলে যান মন্দিরের পুরোহিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার সকালে মন্দির খুলতেই চক্ষু চড়কগাছ। বন্ধ মন্দিরের ভেতরেই লাল রঙের আলতা মাখা পায়ের ছাপ যা দেবীর বেদি থেকে বাইরের দিকে চলে গিয়েছে। এই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় একে একে মন্দির চত্বরে ভিড় জমতে থাকে সাধারণ মানুষের। পুরোহিত দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, সকালে এসে মন্দিরের তালা খুলতেই দেখতে পাই পায়ের ছাপ। পর পর বেশ কয়েকটা ছাপ দেখে হতভম্ব হয়ে পড়ি ও বাকিদের জানাই। ১০ বছর থেকে মন্দিরে পুজো করে আসছি প্রথম এই ঘটনার সাক্ষী থাকলাম।

