আলিপুরদুয়ার , ৮ আগস্ট
আলিপুরদুয়ার জেলার হাসিমারায় পুলিশের বড়সড় অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনায় গাড়িতে থাকা দুজনকে গ্ৰেফতার করেছে হাসিমারা আউটপোস্টের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে একটি পিকআপ ভ্যানের মাধ্যমে অবৈধভাবে বিদেশি প্রসাধনী সামগ্রী পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে হাসিমারা আউটপোস্টের পুলিশ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ১০ নম্বর এলাকায় নজরদারি শুরু করে। সেখানে সন্দেহজনক একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে সেটিকে আটক করে পুলিশ।এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী সামগ্রী উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোনো বৈধ কাগজ ছিলনা।
পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বড় পাচারচক্র জড়িত থাকতে পারে। গাড়িটির চালককে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য, উৎস এবং পরিবহণ সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

