দিনহাটা ১৮ মে
গৌরিশঙ্কর মাহেশ্বরী-কে অবশেষে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ সংক্রান্ত মামলায় দীর্ঘ তল্লাশির পর সোমবার রাতে নিজের বাড়ির কাছ থেকেই তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, এই একই মামলায় শনিবার গ্রেপ্তার করা হয়েছিল পুরকর্মী তথা তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য-কে। অভিযোগ, দিনহাটা পুরসভায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ করানোর সঙ্গে যুক্ত একটি চক্রের তদন্তে নেমেই পুলিশের হাতে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। সেই সূত্র ধরেই তদন্তকারীরা পৌঁছয় প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীর নামেও।
শনিবার পুলিশ তার বাড়িতে তল্লাশি চালাতে গেলেও, অভিযোগ তিনি তখন সেখান থেকে পালিয়ে যান। এরপর রবিবার দিনভর দিনহাটা থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অবশেষে সোমবার রাতে তার বাড়ির কাছ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় ইতিমধ্যেই দিনহাটার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, পুরসভায় দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছিল এবং এই গ্রেপ্তার তারই প্রমাণ। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, ভুয়ো নথি ও বেআইনি অনুমোদনের মাধ্যমে বড়সড় আর্থিক দুর্নীতির যোগ থাকতে পারে এই ঘটনায়।

