জলপাইগুড়ি ,২২ আগস্ট
দার্জিলিং মেল ট্রেনে করে জলপাইগুড়ি টাউন স্টেশনে নেমেছিলেন মহিলা ও পুরুষ-সহ চারজনের একটি দল। জানা গিয়েছে, চারজনই কিষানগঞ্জের বাসিন্দা। স্টেশন থেকে বেরিয়ে তাঁরা স্থানীয় কয়েকজন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন এবং নির্দিষ্ট জায়গায় দেখা করতে হাজির হন।
তবে সেখানে যে ক্রেতাদের ছদ্মবেশে সাদা পোশাকে পুলিশকর্মীরা অপেক্ষা করছিলেন, তা ঘুণাক্ষরেও টের পাননি ওই চারজন। পরিকল্পনা অনুযায়ী তাঁদের সঙ্গে যোগাযোগ করে হাতেনাতে পাকড়াও করা হয় চারজনকেই।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে মোবাইলের বাক্সের ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। কী পরিমাণ মাদক উদ্ধার হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

