জলপাইগুড়ি, ৫ জানুয়ারী :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার থেকে উপভোক্তারা মাসে আরও ৫০০ টাকা বেশি করে পাবেন। বৃহস্পতিবার এই বর্ধিত অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণার পর রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করে।
এরই প্রতিফলন দেখা গেল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে। ময়নাগুড়ি শহরে এদিন তৃণমূল কংগ্রেসের যুব ও মহিলা সংগঠনের উদ্যোগে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। একে অপরকে রঙ লাগিয়ে, অকাল হোলির আনন্দে মেতে ওঠেন দলের কর্মী ও সমর্থকেরা। বিজয় উল্লাসের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তাঁরা। তৃণমূল সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন সাধারণ শ্রেণির মহিলারা লক্ষীর ভান্ডারে মাসে ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১২০০ টাকা করে অনুদান পেতেন। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় সেই অঙ্ক বেড়ে যথাক্রমে ১৫০০ টাকা ও ১৭০০ টাকা করা হয়েছে। এতে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে দাবি দলের নেতৃত্বের।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত করবে এবং পরিবারের দৈনন্দিন খরচ সামলাতে বড় সহায়ক হবে। তাই এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ময়নাগুড়িতে উৎসবের আবহে আনন্দ উদযাপন করা হয়।

