জলপাইগুড়ি, ১৫ মার্চ :
জলপাইগুড়িতে গত কয়েকদিন ধরে রান্নার গ্যাস নিয়ে এক ধরনের সংকট তৈরি হয়েছিল। বুকিং সমস্যা ও সরবরাহে বিলম্বের কারণে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা ও ভিড়ের পরিস্থিতি তৈরি হয়। তবে বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং মানুষ আবার গ্যাস পেতে শুরু করেছেন।
জলপাইগুড়ির বাসিন্দা গৌতম সরকার জানান, গ্যাসের সংকটে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছিল। তবে এই সময় স্থানীয় গ্যাস সার্ভিস সেন্টারের কর্মীরা যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি বলেন, বুকিং করার নির্ধারিত সময়েই তিনি গ্যাস পেয়ে গেছেন এবং কর্মীদের ব্যবহারে তিনি সন্তুষ্ট।
গ্যাস গোডাউনের দায়িত্বে থাকা হরিশচন্দ্র রায় জানান, মাঝখানে কয়েকদিন কিছু সমস্যা হয়েছিল, তবে এখন আবার গ্যাসের গাড়ি আসা শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, এভাবে সরবরাহ চলতে থাকলে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে এখনও বুকিং নিয়ে কিছু সমস্যা রয়েছে বলে তিনি জানান। এছাড়া আপাতত কমার্শিয়াল গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সমস্যায় পড়েছে।
এদিকে অনেক গ্রাহকই ধীরে ধীরে গ্যাস পাচ্ছেন। প্রিয়াঙ্কা রায় জানান, তিনি ৬ তারিখে বুকিং করেছিলেন এবং এখন গ্যাস পেয়েছেন। অন্যদিকে ধনবালা শর্মা বলেন, হোম ডেলিভারি না পাওয়ায় তাকে গোডাউনে এসে প্রায় পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয়েছে। তবে গ্যাস পাওয়ার পর তিনি স্বস্তি প্রকাশ করেন।
সব মিলিয়ে কয়েকদিনের সমস্যার পর জলপাইগুড়িতে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে।

