শিলিগুড়ি , ৮জুলাই
রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়গুলির বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। রাজ্যপাল আর. এন. রবি তাঁদের কাছ থেকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অভাব-অভিযোগ ও প্রশাসনিক সমস্যার কথা শোনেন। তবে তাৎপর্যপূর্ণভাবে, আয়োজক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না, যা নিয়ে শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে।
বৈঠক শেষে রাজ্যপাল সংবাদমাধ্যমে মন্তব্য না করলেও, উপাচার্যদের সূত্রে জানা যায়, বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো, শিক্ষক ও কর্মীর ঘাটতি এবং প্রশাসনিক সমস্যার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা সমাবর্তন অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার জন্যও উপাচার্যদের নির্দেশ দেন রাজ্যপাল।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিষ ভট্টাচার্য জানান, বিভিন্ন সরকারি প্রকল্প দ্রুত বিশ্ববিদ্যালয়গুলিতে চালুর দাবি জানানো হয়েছে। রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, তিনি নিজে প্রতিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন।
তবে বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিতি। নিজস্ব ক্যাম্পাসে এত গুরুত্বপূর্ণ বৈঠক হলেও বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধি না থাকায় এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা না হওয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

