শিলিগুড়ি, ৮ এপ্রিল :
ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। ঘটনায় বিজেপি প্রার্থী ও বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত সোমবার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের ফ্লেক্সের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। এর প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে প্রতীকী বিক্ষোভ দেখান গৌতম দেব।
এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় পুলিশের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত ধাক্কাধাক্কিতে রূপ নেয় বলে অভিযোগ।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
পরে পুলিশের পক্ষ থেকে দায়ের করা এফআইআরে অভিযোগ আনা হয়েছে—সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েত, পুলিশকে হুমকি ও ধাক্কা দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার।
এই ঘটনায় শঙ্কর ঘোষ-সহ একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে 4/5-189(2)/126(2)/221/223/115(2)/351(2) (BNS) ধারায় মামলা রুজু করা হয়েছে।

