কোচবিহার , ৬ জুন
জেলার রক্তের সংকট কাটিয়ে উঠতে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করল অল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। প্রচণ্ড গরম এবং দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রক্তদান শিবির না হওয়ায় জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। সেই সংকট মোকাবিলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের দাবি, গত প্রায় তিন মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত রক্তদান শিবির আয়োজন না হওয়ায় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এর ফলে জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন বহু রোগী ও তাঁদের পরিবার।
এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে এসেছে অল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। আয়োজকদের লক্ষ্য, এদিনের শিবির থেকে প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করে মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া, যাতে রক্তের ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হয়।
রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন বয়সের স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। শিবিরে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তা দেন।
উদ্যোক্তারা জানান, রক্তদান শুধু মানবিক দায়িত্বই নয়, এটি একটি সামাজিক কর্তব্যও। ভবিষ্যতেও জেলার রক্তের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে। ‘রক্তদানই জীবনদান’—এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং আরও বেশি মানুষকে রক্তদানে উৎসাহিত করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।

