আলিপুরদুয়ার , ৩ জুন
অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হোল্ডিং ক্যাম্প, প্রশাসনের জোর প্রস্তুতি|
আলিপুরদুয়ার জেলায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি হল হোল্ডিং ক্যাম্প। কালচিনি ব্লকের কৃষক বাজারে এই ক্যাম্প গড়ে তোলা হল। ক্যাম্পে খাওয়া-দাওয়া এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, পুরো ক্যাম্প এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই ক্যাম্পে ৩০ থেকে ৪০ জন মহিলা ও পুরুষকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে এর ধারণক্ষমতা আরও বাড়ানো হতে পারে। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানা গেছে।
এদিন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও বিজেপি নেতারা ক্যাম্প পরিদর্শন করে বিভিন্ন ব্যবস্থার খোঁজখবর নেন। তাঁরা নিরাপত্তা, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন।
মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য ইন্দু রায় দাবি করেন, প্রশাসনের উদ্যোগে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এই হোল্ডিং ক্যাম্প তৈরি করা হয়েছে। তাঁর বক্তব্য, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের কারণে এলাকার প্রকৃত বাসিন্দারা অনেক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তাই তাঁদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
অন্যদিকে বিজেপির ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক রাজু নার্জিনারি বলেন, অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করার কাজ দ্রুততর হবে এবং প্রয়োজন হলে তাঁদের এই ক্যাম্পে রাখা হবে। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।

