শিলিগুড়ি, ২৫ মে:
হাত বদলের আগেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইং। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কিষাণগঞ্জের বাসিন্দা সাহিদ আনসারী নামে এক যুবককে। ধৃতের কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বর্ধমান রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে একের পর এক ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত সাহিদ আনসারী কিষাণগঞ্জ থেকে বাসে করে শিলিগুড়িতে আসে। বর্ধমান রোড এলাকায় ওই মাদক হাত বদলের উদ্দেশ্যে অপেক্ষা করছিল সে। তবে পরিকল্পনা সফল হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়।
অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথা থেকে এই ব্রাউন সুগার শহরে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

