কোচবিহার, ৩০ ডিসেম্বর :
বিধানসভা নির্বাচনের আগে নতুন দায়িত্ব দেওয়া হল রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থ প্রতিম রায় কে । তাদের দুজনকে বিধানসভা ভিত্তিক কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বভাবতই এতে গুরুত্ব বাড়লো, ২ প্রাক্তন জেলা সভাপতির।
সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী বিধানসভা নির্বাচনে জেলার বিভিন্ন বিধানসভায় কারা কোঅর্ডিনেটরের দায়িত্ব থাকছেন তাদের তালিকা প্রকাশ করা হয় । কোচবিহার জেলার , উত্তর বিধানসভা, নাটাবাড়ি, এবং তুফানগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঘোষ কে। পার্থপ্রতিম রায়কে দেওয়া হয়েছে , মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ এবং শীতলকুচির দায়িত্ব । পাশাপাশি সিতাই, দিনহাটা এবং কোচবিহার দক্ষিণ বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে।
দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে ব্যাকফুটে প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় । জেলার দায়িত্ব এখন জেলা সভাপতি হিপ্পির, উদয়ন গোষ্ঠীর হাতে। ফলে বারংবার কোন্দল দেখা গিয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। তবে আগামী 9 ডিসেম্বর কোচবিহারে জনসভা করতে এসে এক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে বিধানসভা নির্বাচনের আগে এই দায়িত্ব নিঃসন্দেহে গুরুত্ব বাড়ালো এই দুই নেতার। দায়িত্ব পেয়ে দুজনেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । নতুন দায়িত্ব নিয়ে জেলায় নয়টি বিধানসভা কেন্দ্রেই ঘাসফুল ফোটানোই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন তারা ।

