আলিপুরদুয়ার, ৬ ফেব্রুয়ারী :
আন্তঃরাজ্য খয়ের কাঠ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জলদাপাড়ার দক্ষিণ রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খয়ের কাঠ উদ্ধার করে এবং ছয় জন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পাওয়া নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর নজরদারি চালানো হচ্ছিল। শুক্রবার ভোররাত প্রায় ৩টা নাগাদ আলিপুরদুয়ার শহরের পুটিমারি মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বড় ক্যান্টার ট্রাক আটক করা হয়। ট্রাকটি খয়ের কাঠ বোঝাই ছিল। একই সঙ্গে পাচারের মাল পাহারা দেওয়ার সন্দেহে একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়িও আটক করা হয়।
এই অভিযানে বিপুল পরিমাণ খয়ের কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি আন্তঃরাজ্য এই পাচারচক্রের সঙ্গে যুক্ত মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা বিভিন্ন রাজ্যের বাসিন্দা, যা থেকে স্পষ্ট যে এটি একটি সুসংগঠিত আন্তঃরাজ্য পাচারচক্র। এই চক্রটি অসম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, বিহার এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জুড়ে সক্রিয় ছিল বলে বন দফতরের অনুমান।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন— হিমাচল প্রদেশের সোলান জেলার যশ পাল (৫৩) ও তাঁর ছেলে রোহিত (২৩), কোচবিহার জেলার সীতলকুচির বাসিন্দা মো. সোহেল (৩১) ও সোহেল রানা (২৪), জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির স্বপন দাস (৩৪) এবং বিহারের সীতামাড়ি জেলার মনু কুমার (২৫)।
অভিযানে ব্যবহৃত উভয় গাড়িই বন দফতর বাজেয়াপ্ত করেছে। সংশ্লিষ্ট বন আইন ও বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শুক্রবার আলিপুরদুয়ারের আদালতে তোলা হবে।

