জলপাইগুড়ি, ১২ মার্চ :
জলপাইগুড়ি শহরে ঐতিহাসিক বীর যোদ্ধা চিলা রায়ের মূর্তি স্থাপনের উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পরিষদ। বৃহস্পতিবার এই বিষয়ে জেলা পরিষদ ও জলপাইগুড়ি পুরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মূর্তি বসানোর জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করা হয়। এদিন প্রথমে শহরের পিডাব্লিউডি মোড় এলাকাটি খতিয়ে দেখা হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, শুরুতে পঞ্চায়েত এলাকায় বীর চিলারায়ের মূর্তি বসানোর পরিকল্পনা ছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জলপাইগুড়ি পুরসভা এলাকার মধ্যেই উপযুক্ত একটি স্থানে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, শহরের সৌন্দর্যায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়েই শহরের মধ্যেই এই ঐতিহাসিক ব্যক্তিত্বের মূর্তি স্থাপন করা হলে তা আরও তাৎপর্যপূর্ণ হবে। অন্যদিকে, পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, জেলা পরিষদের উদ্যোগে বীর চিলারায়ের একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে। সেই লক্ষ্যেই সম্ভাব্য জায়গাগুলি পরিদর্শন করা হচ্ছে। তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থা ও সাধারণ মানুষের চলাচলের কথা মাথায় রেখে উপযুক্ত স্থান নির্বাচন করেই মূর্তি স্থাপন করা হবে।শহরের ঐতিহ্য ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বীর চিলারায়ের স্মৃতিকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

