দিনহাটা , ২৩ জুন
কৃষক ও সাধারণ মানুষের একাধিক সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার দিনহাটা-১ ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করল সারাভারত কৃষক সভা (AIKS)-এর দিনহাটা ১ নম্বর ব্লক কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে মিছিল সহকারে ব্লক অফিসে পৌঁছে প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
কৃষক সভার দাবি, এলাকার বহু বৈধ ভোটারের নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়াও বোরো ধানের ন্যায্যমূল্যে সরকারি ক্রয় নিশ্চিত করা, সার ও বীজের কালোবাজারি বন্ধ করা, দ্রুত ১০০ দিনের কাজ চালু করা, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়ন এবং স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া বন্ধ করার মতো একাধিক দাবি তুলে ধরা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলির সমাধান না হওয়ায় কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলা হয়। তাই দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন কৃষক সভার নেতৃত্ব।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক সভার দিনহাটা-১ ব্লক সভাপতি গৌরাঙ্গ পাইন, জেলা সম্পাদক আকিক হাসান, যুব জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কৃষক-সমর্থক। কর্মসূচিকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।

