শিলিগুড়ি, ১৩ এপ্রিল :
শিলিগুড়িতে ঐতিহ্যবাহী চড়ক পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও গাজন সন্ন্যাসী সম্বর্ধনা অনুষ্ঠান। হিন্দু সুরক্ষা সমিতি ও তপন ঘোষ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন। এদিন বাঘাযতীন পাট থেকে শুরু হয় শোভাযাত্রা। প্রায় একশোরও বেশি চড়ক কমিটি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে, যা শহরের রাস্তায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও গাজন সন্ন্যাসীদের নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শোভাযাত্রা এগিয়ে চলে। শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন কলোনির বিদ্যাসাগর স্কুলে গিয়ে শেষ হয়। সেখানে গাজন সন্ন্যাসীদের সম্মান জানিয়ে বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়, যেখানে চড়ক পূজার ঐতিহ্য ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। এদিন অংশগ্রহণকারী প্রতিটি চড়ক কমিটিকে ২০০১ টাকা করে দক্ষিণা প্রদান করা হয়। সবশেষে ভক্তদের জন্য বিশাল প্রসাদের আয়োজন করা হয়, যেখানে বহু মানুষ অংশগ্রহণ করেন। সার্বিকভাবে এই আয়োজন শিলিগুড়ির সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও একবার সামনে তুলে ধরল।

