আলিপুরদুয়ার , ৫ জুন
মন্ত্রী হওয়ার পর প্রথমবার আলিপুরদুয়ার জেলায় এলেন কুমারগ্রাম বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী মনোজ কুমার ওঁরাও। শুক্রবার দুপুরে পদাতিক এক্সপ্রেসে চেপে নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছান তিনি। মন্ত্রীর আগমনকে ঘিরে স্টেশন চত্বরে উৎসবের আবহ তৈরি হয়।
নিউ আলিপুরদুয়ার স্টেশনে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব, দলীয় কর্মী-সমর্থক এবং পরিতোষ দাস। পাশাপাশি কুমারগ্রাম বিধানসভা এলাকার বহু মানুষও স্টেশনে ভিড় জমান।
বিশেষভাবে নজর কাড়ে আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের আয়োজন। ট্রেন আসার অনেক আগে থেকেই ধামসা-মাদল নিয়ে স্টেশনে উপস্থিত ছিলেন তাঁরা। মনোজ কুমার ওঁরাও ট্রেন থেকে নামতেই সাদরী ভাষায় গান শুরু হয়, সঙ্গে চলে ঐতিহ্যবাহী নৃত্য। ধামসা-মাদলের তালে গোটা স্টেশন চত্বর যেন উৎসবমুখর হয়ে ওঠে। এলাকার মানুষের এই আন্তরিক অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন নবনিযুক্ত মন্ত্রী।
উল্লেখ্য, কুমারগ্রাম এলাকা থেকে প্রথমবার কোনও জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা গিয়েছে। অনেকেই এটিকে এলাকার জন্য গর্বের মুহূর্ত বলে মনে করছেন।
অভ্যর্থনা অনুষ্ঠানের পর মন্ত্রী মনোজ কুমার ওঁরাও বলেন, “আলিপুরদুয়ার জেলা এবং পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে। এবার প্রকৃত অর্থে উন্নয়ন হবে। মানুষের প্রত্যাশা পূরণে আমরা কাজ করব এবং এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর এই প্রথম জেলা সফরকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পুরো আয়োজন ঘিরে স্টেশন চত্বরে ছিল উৎসবের আবহ।

