জয়গাঁ, ২১ মে
আলিপুরদুয়ার জেলার জয়গাঁর লামা চৌপথি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসায়ী জিতেন্দ্র সাহের একটি মুদি দোকান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সকালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা এলাকার বাসিন্দারা প্রথম দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা দোকান মালিক জিতেন্দ্র সাহকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর স্থানীয় বাসিন্দারা একযোগে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকল বিভাগে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জয়গাঁ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক জিতেন্দ্র সাহ জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

