শিলিগুড়ি ,২১ মে
মাটিগাড়া-কে ড্রাগস ও নেশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রবিবার এক বৃহৎ সচেতনতামূলক অভিযান সংগঠিত করল মাটিগাড়া নাগরিক মঞ্চ। সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বিশেষ করে যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিন মাটিগাড়া থানা-র সামনে থেকে শুরু হয় বিশেষ পদযাত্রা। শুরু থেকেই পদযাত্রায় অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, স্থানীয় বাসিন্দা, তরুণ-তরুণী এবং সামাজিক কর্মীরা। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদী স্লোগান— “ড্রাগস মুক্ত হোক সমাজ, নেশামুক্ত হোক আগামী প্রজন্ম”— এই বার্তাই ছড়িয়ে দেওয়া হয় গোটা এলাকাজুড়ে।
পদযাত্রাটি মাটিগাড়া থানার সামনে থেকে শুরু হয়ে খাপরাইল মোড়, মাটিগাড়া বাজার, বিশ্বাস কলোনি-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। অংশগ্রহণকারীদের বক্তব্য, বর্তমানে যুবসমাজের একাংশ দ্রুত নেশার দিকে ঝুঁকে পড়ছে, যা শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আয়োজকদের দাবি, মাদকাসক্তি শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। তাই প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এই লড়াইয়ে এগিয়ে আসতে হবে। সচেতনতা বাড়ানোই হতে পারে এই সমস্যার বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার।

