আলিপুরদুয়ার ,১৮ মে
আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’-য় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কুমারগ্রাম বিধায়ক মনোজ কুমার ওরাঁও, মাদারিহাটের বিধায়ক লক্ষণ লিম্বু, আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস এবং কালচিনির বিধায়ক বিশাল লামা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসকসহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।
জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজের অগ্রগতি এবং এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয় বৈঠকে।
বৈঠক শেষে সাংসদ মনোজ টিগ্গা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “আজকের বৈঠকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, অতীতে যেসব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলির নিরপেক্ষ তদন্ত করতে হবে। সরকারি অর্থ নয়ছয়ের সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, প্রশাসনের কাজের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে। এদিনের বৈঠককে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে।

