মাথাভাঙ্গা ,১৮ আগস্ট
সোশ্যাল মিডিয়ায় রাজবংশী সমাজের মা-বোনদের পাশাপাশি কোচবিহারের রাজা-মহারাজা ও রাজমাতাদের নিয়ে বিভিন্ন সময়ে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগের প্রতিবাদে এবার পথে নামলেন রাজবংশী সমাজের মা-বোন ও পুরুষেরা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবিতে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা।
এদিন প্রথমে মাথাভাঙ্গা শহরের বিটিম মাঠে রাজবংশী সমাজের বহু মানুষ জমায়েত হন। সেখান থেকেই শুরু হয় প্রতিবাদ মিছিল। হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত পোস্টার ও ব্যানার নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাথাভাঙ্গা থানার সামনে এসে পৌঁছায়। সেখানে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ চলাকালীন একসময় রাস্তায় বসে পড়েন রাজবংশী সমাজের মা-বোনেরা। তাঁদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজবংশী সমাজের মহিলাদের সম্মানহানি করা হচ্ছে এবং ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে জড়িত রাজা-মহারাজা ও রাজমাতাদের নিয়েও অশালীন মন্তব্য করা হচ্ছে। এই ধরনের মন্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা রাজবংশী সমাজের আবেগ ও সম্মানকে আঘাত করছে বলে দাবি আন্দোলনকারীদের।
পরবর্তীতে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মাথাভাঙ্গা থানায় যায়। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
তাঁদের আরও দাবি, অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন।
এদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনীও।

