দিনহাটা, ১৯ এপ্রিল :
গাঁজা পাচারের আগেই গাঁজা সহ নদিয়ার এক ব্যক্তিকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। রবিবার দুপুর নাগাদ দিনহাটা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম দীপক শীল, তার বাড়ি নদীয়া জেলায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থানার একটি দল স্টেশন চত্বরে নজরদারি শুরু করে। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি চালাতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ব্যাগের ভিতর থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়।
পরবর্তীতে দিনহাটা থানার আইসি বুধাদিত্য রায়ের উপস্থিতিতে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা চেষ্টা চলছে, এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল।
এই ঘটনায় একটি বড় পাচার চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

