শিলিগুড়ি, ৯ জানুয়ারী :
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংবিধান বিরোধী হস্তক্ষেপ এবং দুর্নীতির প্রমাণ লোপাটের অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল নমো যুব ওয়ারিয়র্স। শুক্রবার বিকাল ৫টা নাগাদ শিলিগুড়ির ভেনাস মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আই-প্যাকের অফিস থেকে বলপূর্বক দুর্নীতির প্রমাণ সরিয়ে ফেলার মাধ্যমে রাজ্য সরকার দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুব সংগঠনের সদস্যরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। প্রতিবাদ মিছিলে শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে নমো যুব ওয়ারিয়র্সের বিপুল সংখ্যক যুবক-যুবতী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। এদিন সংগঠনের আহ্বায়ক সৌরভ সরকার বলেন, “গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে আমাদের এই প্রতিবাদ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই আন্দোলন চলবে।”

