বক্সিরহাট, ২৫ মার্চ :
নির্বাচনের আগে ফের অসম-বাংলা সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম-বাংলা সীমান্তের জোরাই মোড় নাকা পয়েন্ট থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত যুবকের নাম মিনাজুল আলী (২৪) তাঁর বাড়ি অসমের ধুবড়ি জেলার আগমনি থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে জোরাই মোড় নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন পায়ে হেঁটে আসাম থেকে বাংলায় প্রবেশের সময় এক যুবককে আটক করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এরপরই পুলিশকর্মীরা ওই যুবকের দেহে তল্লাশি চালিয়ে তাঁর কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ওই যুবক আগ্নেয়াস্ত্রের কোনো বৈধ লাইসেন্স বা নথি দেখাতে না পাড়ায় এরপরেই ধৃত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করে পুলিশ। তবে ভোটের আগে সীমান্ত পার হয়ে এই আগ্নেয়াস্ত্রটি বিক্রি বা হস্তান্তরের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা তদন্ত করে এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।

