দিনহাটা , ১২ জুলাই
স্কলারশিপের টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাঘকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা দেখে হতবাক হয়ে পড়ল দিনহাটার এক দশম শ্রেণির ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, দিনহাটার বড় আটিয়াবাড়ী এলাকার ওই স্কুল পড়ুয়া শনিবার স্কলারশিপের টাকা তুলতে ব্যাংকে যায়। টাকা তোলার পর ব্যালেন্স চেক করতে গিয়ে সে দেখতে পায় তার অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা জমা রয়েছে। এত বিপুল অঙ্কের টাকা দেখে সে এবং তার পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে পড়েন।
ঘটনার সত্যতা যাচাই ও বিষয়টি প্রশাসনের নজরে আনতে রবিবার ওই পড়ুয়া দিনহাটা থানার দ্বারস্থ হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

