শিলিগুড়ি, ১৩ মার্চ :
পূর্বঘোষিত দাবি পূরণ না হওয়ায় আমরণ অনশনের পথে হাঁটার সিদ্ধান্ত নিল প্রাক্তন কেএলও লিংকম্যান নারী মঞ্চ সমন্বয় কমিটি। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের কর্মসূচি নেওয়া হয়। তবে মাঝপথেই পুলিশ মিছিলটি আটকে দেয় এবং ফুলবাড়ি ব্যাটেলিয়ন মোড়ের দিকে ঘুরিয়ে দেয় বলে অভিযোগ।
সংগঠনের সদস্যদের দাবি, তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রশাসনের কাছে আগে থেকেই আবেদন জানানো হয়েছিল এবং বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নেন তারা।
শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা একত্রিত হয়ে উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। কিন্তু মাঝপথে পুলিশ তাদের আটকে দিয়ে মিছিল ঘুরিয়ে দেয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। এরপরই তারা ধর্নায় বসেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে প্রাক্তন কেএলও ও লিংকম্যানদের কর্মসংস্থানের ব্যবস্থা, পুনর্বাসনের উদ্যোগ এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

