শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর :
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর–খড়িবাড়ি রাজ্য সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। অভিযানের সময় এক ফুড ডেলিভারি বয়কে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ফুড ডেলিভারির বাক্স থেকে প্রায় ১ কেজি ১৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।
এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।

