তুফানগঞ্জ ,১৫ মে
অ্যাকশন মোডে পুলিশ তুফানগঞ্জে এসডিপিও নেতৃত্বে বিএসএফ ও পুলিশের মেগা অভিযান, উদ্ধার ১৭টি গরু।
রাজ্য সরকার পরিবর্তন হতেই জেলাজুড়ে পুলিশি তৎপরতা তুঙ্গে। পাচার রুখতে এবার সরাসরি ময়দানে নামলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। শুক্রবার তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কন্নেধারা মনোজ কুমার-এর নেতৃত্বে তুফানগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ-এর এক যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলল। দেওচড়াই এলাকা থেকে উদ্ধার হয়েছে পাচারের উদ্দেশ্যে মজুত করা ১৭টি গরু।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন তুফানগঞ্জ থানার পুলিশ ও ঝলঝলি বিওপি-র বিএসএফ জওয়ানদের নিয়ে দেওচড়াইয়ের চৌকুশি বলরামপুর এলাকায় অভিযান চালান। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের আগেই ১৭টি গরু আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথেই পুলিশ এখন সম্পূর্ণ ‘অ্যাকশন মোডে’। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে গবাদি পশু পাচার রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তুফানগঞ্জের এই সফল অভিযানটি জেলা পুলিশ ও বিএসএফ-এর মধ্যে দৃঢ় সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
ধৃত পাচারকারীকে ইতিমধ্যেই তুফানগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে এবং সীমান্তের ওপারে কাদের কাছে এই গরুগুলি পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন পুলিশ।

