১৫/০৫/২০২৫
ওয়েব ডেস্ক:
ভারতে আর অ্যাপ্লের জিনিস উৎপাদন না-করার জন্য অ্যাপ্ল কর্তা টিম কুককে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি অ্যাপ্ল কর্তাকে বলেছেন, “আমি শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন।” ট্রাম্প এ-ও জানান, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত বেশ ভাল ভাবেই চলছে। অ্যাপ্ল-এর বিভিন্ন জিনিস যেমন, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড ভারতে তৈরি হয়। এই জিনিসগুলি অ্যাপ্ল ভারতে উৎপাদন করা বন্ধ করে দিলে ভিন্ দেশ থেকে সেগুলির আমদানি করতে হবে। এমন পরিস্থিতিতে আইফোন-সহ অন্য অ্যাপ্লের জিনিসগুলির দাম ভারতীয় বাজারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, বুধবারই কুকের সঙ্গে তাঁর কথা হয়েছে। ট্রাম্পের কথায় তিনি অ্যাপ্ল কর্তাকে বলেছেন, “আপনি যদি ভারতের দেখভাল করতে চান, তা হলে সে দেশে জিনিস বানাতে পারেন। কারণ, বিশ্বের সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। তাই ভারতে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন।”

