মাটিগাড়া , ৭ জুলাই
অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে সোমবার মাটিগাড়া ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসে বিক্ষোভে সামিল হন বিপুল সংখ্যক মহিলা। দ্রুত আবেদনপত্রের নিষ্পত্তি করে প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাঁরা অন্নপূর্ণা প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অনেক আগেই ব্লক অফিসে জমা দিয়েছেন। কিন্তু এক মাসেরও বেশি সময় কেটে গেলেও তাঁদের আবেদনপত্রের বর্তমান অবস্থা এখনও ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। ফলে এখনও পর্যন্ত তাঁরা প্রকল্পের সুবিধা পাননি।
তাঁদের আরও দাবি, এর আগে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আবেদন ঝুলে থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্রশাসনের কাছে বারবার যোগাযোগ করেও সন্তোষজনক উত্তর মেলেনি বলেও অভিযোগ করেন তাঁরা।
সোমবার বিক্ষোভ চলাকালীন মহিলারা অবিলম্বে সমস্ত মুলতুবি আবেদন যাচাই করে যোগ্য আবেদনকারীদের দ্রুত অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানান। পাশাপাশি আবেদন নিষ্পত্তিতে বিলম্বের কারণও প্রকাশ করার দাবি তোলেন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।
এদিকে, এই বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

