জলপাইগুড়ি, ১১ মে :
জলপাইগুড়ি শহর সংলগ্ন সাহেবের কামাত এলাকায় বিরল প্রজাতির একটি সাপ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে এলাকাবাসীরা সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে অনেকেই এটিকে অজগর সাপ বলে মনে করেন। পরে খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারকারী অঙ্কুর দাস জানান, সাপটির নাম “মেনি ব্যান্ডেড ক্যাট স্নেক”। তাঁর দাবি, জলপাইগুড়ি জেলা থেকে এই প্রথম এই বিরল প্রজাতির সাপ উদ্ধার হল। তিনি আরও জানান, সাপটি সম্পূর্ণ বিষধর নয় এবং সাধারণত মানুষের ক্ষতি করে না। উদ্ধারকারীরা এলাকাবাসীদের সাপটি সম্পর্কে সচেতন করেন এবং অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানান। উদ্ধার হওয়া সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পর সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

