ডুয়ার্স , ২২ জুলাই
সিকিমে টানেলে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের একাধিক শ্রমিক। তাদের অধিকাংশই চা শ্রমিক পরিবারের সদস্য।মূলত বাড়তি উপার্জনের আশায় ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত মৃত্যুতে পরিণত হয়েছে।
আর এদিন কিলকোট চা বাগানের ১১ নম্বর লাইনে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএমের প্রতিনিধি দল। সিপিআইএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্রের নেতৃত্বে কৃষক সভা ও চা শ্রমিক সংগঠনের নেতারা মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।প্রতিনিধি দলে ছিলেন কৃষক সভার নেতা আশীষ সরকার, শ্রমিক নেতা সিকান্দার মাঝি, গোবিন্দ হাজরা, বিজয় মুন্ডা, কর্ণে বাহাদুর লামা প্রমুখ।
পরিবারগুলির সঙ্গে সাক্ষাতের পর পীযূষ মিশ্র অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কাজ করতে গিয়েই শ্রমিকদের মৃত্যু হয়েছে। তাঁর প্রশ্ন, এত বড় প্রকল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম পর্যাপ্ত ব্যবস্থা কেন নেওয়া হয়নি? তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মৃতদের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের স্থায়ী চাকরির দাবি জানান।
এদিকে দুর্ঘটনার কয়েকদিন কেটে গেলেও এখনও বহু পরিবার তাঁদের প্রিয়জনের মরদেহ হাতে পায়নি। সিকিমের নামচিতে ময়নাতদন্ত চলছে। একাধিক মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। ফলে একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে অনিশ্চয়তার যন্ত্রণা—দুইয়ের মধ্যেই দিন কাটছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির।

