শিলিগুড়ি ,৪ আগস্ট
আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার কাবেরী চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল ত্রাণসামগ্রী নিয়ে আসামের শিবসাগর ও জোরহাট জেলার উদ্দেশে রওনা দিচ্ছে। পাশাপাশি বন্যায় প্রাণ হারানো এবং পরিচয়হীন মৃতদেহগুলির সৎকারের কাজেও অংশ নেবেন তাঁরা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক থেকে দেড় টন শুকনো খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে শিলিগুড়ির বাসিন্দা মৌসুমী পালের উদ্যোগে প্রায় ৫০০ কেজি চিঁড়া ও অন্যান্য শুকনো খাবার সংগ্রহ করা হয়েছে, যা বন্যাদুর্গতদের মধ্যে বিতরণ করা হবে।
মৌসুমী পাল বলেন, “প্রকৃতির এই ভয়াবহ দুর্যোগে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাবেরী চন্দ্র সরকার ও তাঁর দলের মানবিক উদ্যোগের প্রতি আস্থা রেখেই তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।”
কাবেরী চন্দ্র সরকার জানান, “আমরা শুধু ত্রাণ বিতরণ করতেই যাচ্ছি না, যেসব মৃতদেহ এখনও উদ্ধার বা সৎকারের অপেক্ষায় রয়েছে, সেগুলির যথাযথ সৎকারের কাজেও অংশ নেব। যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে।”
আসামের বন্যা পরিস্থিতিতে শিলিগুড়ির এই মানবিক উদ্যোগ নতুন করে নজর কেড়েছে।

